করোনা ঝুঁকিপ্রবণ এলাকার কর্মচারীদের অফিসে আসতে হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ এলাকা বা রেড জোনে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে হবে না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন এ তথ্য।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে বলেছি, ২৫ শতাংশের বেশি কর্মকর্তাদের অফিসে আসার দরকার নেই। বাকিরা বাসায় থেকে কাজ করবেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী যারা ঝুঁকিপূর্ণ এলাকা বা রেড জোনে বসবাস করেন তাদের আপাতত সচিবালয়ে আসার দরকার নেই।’

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে রেড, ইয়োলো ও গ্রিন জোন চিহ্নিতের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আপাতত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরকে আমরা রেড জোন বলছি। আবার ঢাকারও পুরোটা রেড জোন হয়তো হবে না। এখানে সংক্রমণের হার কম বেশি রয়েছে। রেড জোনকেও ছোট ছোট এলাকায় ভাগ করা হবে। তা না হলে তো কার্যক্রম থমকে যাবে।’

তিনি বলেন, ‘কোথায় কতজন আক্রান্ত আছে সেটা ম্যাপিং করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটি ম্যাপ জমা দিয়েছে। প্রতিদিন পরিস্থিতির সঙ্গে ম্যাপও পরিবর্তন হবে। আক্রান্ত পরিস্থিতি অনুযায়ী ম্যাপের বিভিন্ন এলাকা রেড হবে, ইয়োলো হবে, গ্রিন হবে। সফটওয়্যারটা রেডি। এখন ডিসিশনটা নিয়ে আজ-কালকের মধ্যে বাস্তবায়ন কাজ শুরু হয়ে যাবে।’

পূর্ববর্তি সংবাদমহারাষ্ট্র উপকূলে প্রবল বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’
পরবর্তি সংবাদলিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: পাচার চক্রের আরো ৪ জন গ্রেপ্তার