ধামরাইয়ে পুলিশ সদস্যের নেতৃত্বে হামলা, ৪ জনকে কুপিয়ে জখম

প্রতীকি ছবি

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বসতবাড়ির জমি দখলে ব্যর্থ হয়ে ছুটিতে থাকা এক পুলিশ সদস্যের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

বুধবার সকালে ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে জানা গেছে, ধামরাইয়ের কাওয়ালিপাড়ার মাঝিপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল লতিফ তার ছোট ভাই জয়নাল আবেদীনের কাছ থেকে বসতবাড়ির এক শতাংশ জমি ক্রয় করেন। আজ বুধবার সকালে স্থানীয় সেলিম হোসেনের ছেলে ছুটিতে থাকা পুলিশ কনস্টেবল রাশেদুল ইসলাম রানার নেতৃত্বে এলাকার কহিনুর, হৃদয় হোসেন মুরাদ, রিপন, সেলিসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে ওই জমি দখল করতে যায়। এ সময় আবদুল লতিফ বাধা দেয়। এক পর্যায়ে দখলে ব্যর্থ হয়ে আব্দুল লতিফের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় আব্দুল লতিফের বৃদ্ধ মা ফুলজান বেগম (৭০), স্ত্রী আয়শা বেগম (৪০), ছেলে গাজী মিয়া (২২) ও আজিজুলকে (১৬) পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করেছে। বিকাল পর্যন্ত বৃদ্ধ ফুলজান বেগমের জ্ঞান ফেরেনি।

এ ঘটনার পরই ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হামলাকারীরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে পুলিশ কনস্টেবল রাশেদুল ইসলাম রানা জানান, আমি এখন ধামরাই থানায় আছি ব্যস্ত আছি পরে কথা বলবো।

ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু সাঈদ বলেন, ঘটনাটি আমাদের পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে হওয়ায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: কক্সবাজারে এক বৃদ্ধকে বিবস্ত্র করে যুবলীগ নেতার মারধর

পূর্ববর্তি সংবাদবিক্ষোভের কারণে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদসিকদার গ্রুপের এমডির ‘রেঞ্জ রোভার’ জব্দ করেছে পুলিশ