ইসলাম টাইমস ডেস্ক: কমছে না বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ। এক দিনে মারা গেছেন আরো ৪ হাজার ৯শ ২৭ জন। নতুন আক্রান্ত ১ লাখ ২১ হাজার। এ নিয়ে ৩ লাখ ৮৬ হাজার ছাড়ালো মৃত্যুর সংখ্যা। মোট আক্রান্ত ৬৫ লাখ।
বুধবার সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত ব্রাজিলে, ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ২৬৯ জন, আক্রান্ত ২৭ হাজার ৩১২ জন। এর পরেই ১ হাজার ৮৪ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে। এছাড়া মেক্সিকোতে ৪৭০, যুক্তরাজ্যে ৩৫৯, রাশিয়ায় ১৭৮ ও পেরুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। স্পেনে সংক্রমণ কমে এলেও দেশজুড়ে জরুরি অবস্থা ২১ জুন পর্যন্ত বহাল রাখার জন্য ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।
এদিকে, চীনে আবার ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হাইতিতে ভাইরাসের সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু ও আড়াই হাজার রোগী শনাক্ত হয়েছে।
ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হয়েছে। আরো ২৫৯ জনসহ মোট প্রাণহানি ছাড়িয়েছে ৬ হাজার। আক্রান্ত আরো ৯ হাজার ৫৭৮ জন।
















