ইসলাম টাইমস ডেস্ক: ইরানে কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন নাগরিক মাইকেল হোয়াইট মুক্তি পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি গতকাল (বৃহস্পতিবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা মাইকেল হোয়াইট মুক্তি পেয়ে বৃহস্পতিবার ইরানের আকাশসীমা ত্যাগ করেছেন।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ওই মার্কিন নাগরিকের মুক্তির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা ইস্যুতে ইরানে কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন নাগরিক মাইকেল হোয়াইট মুক্তি পেয়ে গতকাল (বৃহস্পতিবার) ইরান ত্যাগ করেছেন।
এদিকে আমেরিকার কারাগার থেকে আরেকজন ইরানি নাগরিকের মুক্তি পাওয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। একইসঙ্গে ইরান আমেরিকায় অপহৃত সব ইরানি নাগরিককে মুক্তি দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানান, মিথ্যা অভিযোগে আমেরিকায় আটক ইরানি চিকিৎসক ডা. মাজিদ তাহেরি মুক্তি পেয়েছেন।
ইরানের ওপর আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ডা. তাহেরিকে আটক করা হয় এবং তিনি গত ১৬ মাস ধরে আমেরিকার কারাগারে বন্দি ছিলেন। এর আগে দীর্ঘদিন ধরে ইরানের এই বিজ্ঞানী আমেরিকার ফ্লোরিডায় বসবাস করেছেন।
















