ইসলাম টাইমস ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি ও গণপরিবহনে ৬০ভাগ ভাড়া বৃদ্ধি বৃদ্ধিকে অমানবিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ যখন কর্মহীন হয়ে ঘরবন্দী অবস্থায় সংকটে দিনাতিপাত করছে তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও গণপরিবহনের ৬০% ভাড়া বৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি বলেন, কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চরম বিপাকে পড়েছে। এমতাবস্থায় সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সাধারণ মানুষ মারাত্মক সংকটে পড়তে পারে।
মুফতী ফয়জুল করীম বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমে যাওয়ার পরেও বাংলাদেশে তেলের দাম না কমিয়ে গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম অসহায়বোধ করছে। এধরণের সিদ্ধান্ত গণবিরোধী ও অমানবিক। যার ফলে প্রতিনিয়ত গণপরিবহনে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, তেলের দাম কমিয়ে এবং পরিবহণ সেক্টর থেকে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করলে বাসের মালিকদের পূর্বের ন্যায় ভাড়া নিলে কোন অসুবিধা হতো না। মুফতী ফয়জুল করীম আরও বলেন, মহামারিতে আর্থিক সংকটে থাকা দেশের জনগণকে অর্থনৈতিকভাবে সহযোগিতা না করে উল্টো তাদের ওপর আর্থিক চাপ তৈরি করা অমানবিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে।
















