ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে তার কিডনির ডায়ালাইসিস শুরু হলেও অবস্থার অবনতি হয়। পরে আর ডায়ালাইসিস করা হয়নি। এখনও তিনি সেই অবস্থাতেই আছেন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন। তার শরীর ভালো না। রাতে তার শ্বাসকষ্ট ছিল। আপনাদের সবার দোয়া খুব প্রয়োজন।’
ব্রিগেডিয়ার অধ্যাপক মামুন মুস্তাফি, অধ্যাপক নজীব মোহাম্মদের তত্ত্বাবধানে গণস্বাস্থ্য হাসপাতালে ডা. জাফরুল্লাহ চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
গণস্বাস্থ্য হাসপাতালে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ মে) ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় দফায় করোনা টেস্ট করার কথা ছিল। কিন্তু তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে টেস্ট করা হয়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে। ডা. জাফরুল্লাহ ছাড়াও তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীরও করোনা পজিটিভ। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আরো পড়ুন: গণস্বাস্থ্যের কিটের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী সপ্তাহে
















