তারিক মুজিব ।।
আড়াই মাস পর মধ্যপ্রাচ্যে মসজিদে জুমার নামায আদায় করা হলো। গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মসজিদে জুমা অনুষ্ঠিত হয়।
করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে দেশে দেশে কিছু সময়ের জন্য মসজিদে নামায আদায় বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ ছিল মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসাও।
বাংলাদেশ, পাকিস্তানসহ কিছু রাষ্ট্রে স্বাস্থ্যবিধি মানার শর্তে সীমীত পরিসরে মসজিদে জামাত চালু করা হলেও মধ্যপ্রাচ্যে পুরোপুরি মসজিদ বন্ধ রাখা হয়েছিল। তবে সম্প্রতি করোনার সংক্রমণ কিছুটা কমে আসলে খুলে দেওয়া হয় মসজিদ।
সৌদি আরবে দুই দফায় মসজিদ উন্মুক্ত করা হয়। কাতার, আমিরাত, তুরস্কসহ আরও কিছু দেশেও ধাপে ধাপে মসজিদ খুলে দেওয়া হয়। মসজিদ খুলে দেওয়ার পর গতকালই প্রথম জুমা অনুষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যে।
আল আরাবিয়া, আল জাজিরা, তুর্ক প্রেসের তথ্যচিত্রে দেখা যায় দেশে দেশে দুইমাস পর জুমার নামায আদায়ের ছবি।
তুরস্কের সর্ববৃহৎ সুলতান আহমদ মসজিদে সকাল থেকেই মুসল্লিরা জুমায় অংশ নিতে আসা শুরু করেন।
মসজিদে আকসায়ও অনেক লোক সমাগম হয় গতকালের জুমায়। আল জাজিরার খবরে বলা হয়, গতকাল মসজিদে আকসায় প্রায় পঞ্চাশ হাজার লোকের জমায়েত হয়েছে।
এদিকে মসজিদে হারাম ছাড়া গোটা সৌদি আরবে গতকাল জুমা অনুষ্ঠিত হওয়ার কথা জানায় আল আরাবিয়া।আল আরাবিয়ার খবরে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে কালই প্রথম আড়াই মাস জুমা অনুষ্ঠিত হয়েছে।
তবে আল আরাবিয়ার খবরে আরও জানানো হয়, কাল থেকে সৌদি আরবের ব্যস্ততম শহর জেদ্দায় আবার কার্ফিউ জারি করা হয়েছে। এসময় বন্ধ থাকবে মসজিদে নামায আদায়ও।

১. সৌদি আরবের এক মসজিদে গতকালের জুমার ছবি।

২. প্রায় ৫০ হাজার মুসল্লির উপস্থিতিতে মসজিদে আকসায় জুমা আদায়।

৩. তুরস্কের সর্ববৃহৎ সুলতান আহমদ মসজিদে ব্যাপক জন উপস্থিতিতে গতকালের জুমার নামাযের ছবি।
















