ইসলাম টাইমস ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার কোভিড-১৯ পজেটিভ আসে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
এরআগে ২৮ মে কামরানের স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরানের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর আসে।
বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার পরীক্ষার পর রাতে জানানো ফলাফল পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার বিষয়টি সাবেক মেয়র কামরান নিজেও জানিয়েছেন।
তবে তিনি বাসায় আইসোলেশনে ‘সুস্থ রয়েছেন।’
গত ২৮ মে নমুনা পরীক্ষায় কামরানের স্ত্রী আসমা কামরানের করোনাভাইরাস শনাক্ত হলেও সেদিন বদর উদ্দিন আহমদ কামরানের ফলাফল নেগেটিভ এসেছিল।
নিজের ও স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
















