ইসলাম টাইমস ডেস্ক: আজ সোমবার থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টি বাড়তে পারে। দেশের অন্যান্য স্থানেও বৃষ্টি কমবেশি হতে পারে। তবে ঢাকায় বৃষ্টি বাড়তে আরও তিন-চার দিন লেগে যেতে পারে। এর মধ্যে আকাশ কালো করে দুই-এক পশলা বৃষ্টি হলেও তা বর্ষার অঝোর ধারার বর্ষণ হবে না। আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার দেশের সব বিভাগের দু–একটি স্থানে বৃষ্টি হতে পারে। এতে আজ দেশে সামগ্রিকভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি পর্যায়ক্রমে বাড়তে পারে। মাসের বাকি সময়জুড়ে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।
চলতি মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জুনে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এতে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতই শুধু বাড়বে। ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। এ ছাড়া টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে দেশের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এতে দেশের উত্তর–পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা বলছে, এক যুগ ধরে বাংলাদেশে মৌসুমি বায়ু চলে আসার আগেই বৃষ্টি বাড়ছে। আর বর্ষার ভরা মৌসুমে কয়েক দিন অতিবৃষ্টি হলেও বাকি দিনগুলোতে বৃষ্টি কমে আসছে। এতে শহরে জলাবদ্ধতা ও গ্রামে নদীভাঙন বাড়ছে।
এ বছরও বর্ষা আসার আগে মে মাসে স্বাভাবিকের চেয়ে ১৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ২০ শতাংশের বেশি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি মাসের শুরুতে প্রকাশিত জলবায়ু পূর্বাভাসে এসব তথ্য রয়েছে। একই সঙ্গে সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী চলতি মাসের প্রথম সপ্তাহেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। অর্থাৎ বর্ষা আসার আগের মাসে যেখানে মূলত তাপমাত্রা বেশি ও কালবৈশাখী বেশি হওয়ার কথা, সেখানে মাসের দুই–তৃতীয়াংশ দিনেই বৃষ্টি হয়েছে।
















