ইমামকে লাঞ্ছিত করা সেই ইউপি চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

গ্রেফতার ইউপি চেয়ারম্যান (গোল রেখায় চিহ্নিত) ও মেম্বার। ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সিকদারবাড়ি জামে মসজিদের ইমাম শহিদুল ইসলামকে লাঠি, জুতা ও ঝাড়ু ব্যবহার করে অমানবিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী এবং একই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহীদ দেওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাদের বরখাস্তের এই আদেশ আসে।

এই ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে ইমাম শহীদুল ইসলামকে লাঠি, জুতা ও ঝাড়ু ব্যবহার করে লাঞ্ছিত, ৫০ হাজার টাকা চাঁদা দাবি, জুতার মালা পরিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ—তদন্তে প্রমাণিত হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত চেয়ারম্যান ও সদস্যকে পৃথক কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে। নোটিশে কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাবপত্র  ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য বলা হয়েছে।

আরো পড়ুন: অমানবিকভাবে ইমাম লাঞ্ছিত হওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়

পূর্ববর্তি সংবাদযশোরে পুলিশের নির্যাতনে কলেজ ছাত্রের কিডনি নষ্টের অভিযোগ
পরবর্তি সংবাদরাজধানীতে আমের ক্যারেটে ফেনসিডিল, আটক ২