ইসলাম টাইমস ডেস্ক: করোনাসংকটে অক্সিজেন সিলিন্ডার দামি তো বটেই, হয়ে উঠেছে দুষ্প্রাপ্যও। খোলা বাজারে বিক্রি হচ্ছে সাধারণ সময়ের চেয়ে কয়েকগুন বেশি দামে। অনলাইনেও জমেছে রমরমা ব্যবসা।
মানবদেহে করোনাভাইরাসের সংক্রমণ তখনই ভয়ংকর ওঠে যখন তা শ্বাসতন্ত্রে ঢোকে। এতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অনেকেরই দরকার হয় কৃত্রিম অক্সিজেনের।
ফলে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেড়েছে অক্সিজেনের চাহিদা। কিন্তু বেশিরভাগ হাসপাতালেই নেই কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। তাই নির্ভর করতে হচ্ছে সিলিন্ডারের ওপর। অনেকেই পূর্ব প্রস্তুতি হিসেবেও যা মজুত করছেন বাসাবাড়িতে। ফলে, বাড়তি চাহিদার সুযোগে অক্সিজেন সিলিন্ডারের দামও বাড়াতে ভুল করেননি ব্যবসায়ীরা।
ভুক্তভোগীদের কথার সত্যতা যাচাইয়ে রাজধানীর মেডিকেল সরঞ্জমাদির বাজারে দেখা গেছে, করোনা সংক্রমণের আগে যে সিলিন্ডার বিক্রি হতো ১০ থেকে ১২ হাজার টাকায়। তার দাম এখন তিনগুণ বেশি। অক্সিমিটার, নল-এসবের দামও বেড়েছে পাল্লা দিয়ে।
অনলাইনেও শতাধিক পেজ ও ওয়েবসাইটে বিক্রি হচ্ছে সিলিন্ডারসহ আনুসঙ্গিক জিনিসপত্র। সাধারণ বাজারের চেয়ে এখানে নৈরাজ্য আরও বেশি।
ভুক্তভোগীদের বিস্তর অভিযোগের বিপরীতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারীরা বলছেন, হাসপাতাল ও ব্যক্তি পর্যায়ে চাহিদা বেড়েছে অনেক। তবে চাহিদা মোতাবেক সরবরাহ করতে হিমশিম খেলেও কৃত্রিম অক্সিজেন সিলিন্ডার আগের দামেই বিক্রি হচ্ছে বলে দাবি তাদের।
শুধু অক্সিজেন সিলিন্ডার বা অক্সিমিটারের দামই নয়, সিলিন্ডার পুনরায় ভর্তিতেও করতে হচ্ছে বাড়তি খরচ। ৪৫ টাকার রিফিল এখন ১০০ টাকার বেশি।
















