পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তাঁর করোনা টেস্টের ফলাফল পাওয়া গেছে। এ ছাড়া দেশটির রেলমন্ত্রী শেখ রশিদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে। রাজনৈতিক দল পিএমএল-এন-এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, শহীদ খাকান আব্বাসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং হোম কোয়ারেন্টিনে আছেন।

শহীদ খাকান আব্বাসি রাজনৈতিক দল পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্ট পদে আছেন। দলের শীর্ষ নেতা শেহবাজ শরিফ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সোমবারই পাকিস্তানের রেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, রেলমন্ত্রী শেখ রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর মধ্যে কোনো উপসর্গ দেখা দেয়নি। তিনি এখন আইসোলেশনে আছেন এবং চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে চলছেন। পরে শেখ রশিদ নিজের টুইটার অ্যাকাউন্টেও নিজের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের বেশ কয়েকজন রাজনীতিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শাসক দল পিটিআই-এর কয়েকজনও রয়েছেন। এখনো পর্যন্ত পাকিস্তানে এক লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পাকিস্তানে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত হয়।

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও দু অতিরিক্ত সচিবকে বদলি
পরবর্তি সংবাদনাটোরে দ্বিতীয় স্ত্রীর ওপর অভিমান করে প্রথম স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা