ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামের আমির এবং দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি’র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
আল্লামা আহমদ শফি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে আছেন। সেখানে তাকে চিকিৎসা দিচ্ছে ৯ সদস্যের মেডিক্যাল টিম।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, আল্লামা শফি ভালো আছেন, তিনি সবার সঙ্গে কথা বলছেন। করোনার ঝুঁকি এড়াতে তাকে কেবিনে নেওয়া হচ্ছে না। আইসিইউতে তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হঠাৎ আল্লামা শফির শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (৭ জুন) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (০৮ জুন) তার চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় রিপোর্টে আল্লামা শফির শরীরে করোনার উপস্থিতি মিলেনি।
















