চীন হেঁটে হেঁটে ভারত দখল করেছে আর মোদি চুপ করে বসে আছেন: রাহুল গান্ধী

ইসলাম টাইমস ডেস্ক: ‘চীনারা হেঁটে হেঁটে ঢুকে লাদাখে আমাদের ভূখণ্ড দখল করে ফেলেছে। প্রধানমন্ত্রী একেবারে নীরব। তিনি উধাও হয়ে গেছেন।’ এমন মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

বুধবার রাহুল গান্ধী ওই মন্তব্য করেন।

গত মঙ্গলবারও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে রাহুল গান্ধী প্রশ্ন করেন, ‘লাদাখে চীনের আগ্রাসন হয়েছে কি না বলুন?’ এভাবেই একনাগাড়ে কয়েকদিন ধরে চীন নিয়ে সোচ্চার হয়েছেন রাহুল গান্ধী।

এরপরে বিজেপি’র পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া শুরু হওয়ায় কার্যত চীন ইস্যুতে কংগ্রেস ও বিজেপি নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে।

রাহুলের প্রশ্নের জবাবে লাদাখের বিজেপি এমপি জাময়াঙ্গ সেরিং নামগিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, কংগ্রেস আমলেই আকসাই চীন দখল করে বেইজিং। সেজন্য দেশকে বিভ্রান্ত করবেন না।

লাদাখের বিজেপি এমপি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে টার্গেট করে বলেন, চীন ভারতের এলাকা দখল করেছিল ঠিকই। কিন্তু সেটা কংগ্রেস আমলে, ১৯৬২ সালে। আকসাই চীন বা লাদাখের প্রায় ৩৭ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে চীন। ২০০৮-এর আগে চুমুরের পরের ২৫০ কিলোমিটার পর্যন্ত টিয়া পাংনাক ও সাবজি ভ্যালি দখল করে। ২০০৮ সালে (কংগ্রেস নেতৃত্বাধীন) ইউপিএ আমলে ডেমজোকের জোরাওয়ার ফোর্ট ভেঙে ২০১২ সালে সেখানে নজরদারি কেন্দ্র তৈরি করে।’ এখনকার পরিস্থিতি নিয়ে ‘সব কিছু বলা যাবে না’ জানিয়ে তার সাফাই, ‘ভারতের এক ইঞ্চি জমিও চীনের দখলে যাবে না।’

পাল্টা জবাবে কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি এমপি বলেছেন, বিজেপি দলীয় এমপির কাঁধে বন্দুক রেখে কংগ্রেসকে জবাব দিতে চাইলেও যাবতীয় তথ্যই মিথ্যা।

পূর্ববর্তি সংবাদনতুন অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ
পরবর্তি সংবাদফ্লয়েড হত্যায় জড়িত ৪ পুলিশের একজন জামিনে মুক্ত