ইসলাম টাইমস ডেস্ক: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দুর্নীতির আইনি অনুমোদন পত্র উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বলেন, বাজেট বাস্তবতা বর্জিত সংখ্যার ফুল ঝুড়িতে পরিণত হয়েছে। করোনার এই ভয়াবহ সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার ৮.২ শতাংশ প্রস্তাব করার মাধ্যমে প্রমাণিত হয় সরকার জনবিচ্ছিন্ন হয়ে ঘোরের মধ্যে বাস করছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে আখ্যায়িত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
আজ বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব বলেন পীর সাহেব চরমোনাই।
বিবৃতিতে পীর সাহেব চরমোনা বলেন, বিশাল অংকের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরববোধ করলেও সাধারণ জনগণ এর কতভাগ সুফল পাবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। বাজেটের বিশাল অংশ সরকারদলীয় এমপি ও নেতাকর্মীদের পকেটে যাবে বলেও আশংকা প্রকাশ করেন পীর সাহেব চরমোনাই। বাজেটে বরাবরের মত কালো টাকা সাদা করার সুযোগ রাখায় দুর্নীতিকে আরো উৎসাহিত করা হবে বলে তিনি মত প্রকাশ করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, দেশবান্ধব বাজেটের পরিবর্তে দলবান্ধব বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে গণমানুষের প্রত্যাশা পুরণ হয়নি। ধনী ও সুবিধাভোগী শ্রেণির কথা চিন্তা করেই এই বাজেট প্রস্তাব করা হয়েছে। এতে সাধারণ মানুষের কোনও উপকার হবে না। নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটের কারণে অর্থনীতি পুরোপুরি ঋণনির্ভর হয়ে পড়বে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
















