ইসলাম টাইমস ডেস্ক: ভারতের করোনা পরিস্থিতি ব্যাপক অবনতির দিকে যাচ্ছে। দেশটিতে আজ ১০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যায় এদিন যুক্তরাজ্যকে টপকে শীর্ষ চারে ঢুকেছে ভারত। তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জনের করোনা পজিটিভ হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সময়ে করোনায় রেকর্ড ৩৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের পর মোট আক্রান্ত হলো ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ৮ হাজার ৪৯৮ জন।
শুক্রবার পর্যন্ত ভারতে করোনা জয় করেছেন ১ লাখ ৪৭ হাজার ১৯৪ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক লাখ ৪১ হাজার ৮৪২ জন।
















