নারায়ণগঞ্জে করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন র‌্যাবের ১০৮ সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জে দুটি আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠা র‌্যাব-১১ এর ১০৮ জন সদস্য কাজে যোগদান করেছেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর প্রধান কার্য্যালরয়ের চারতলায় ও শহরের পুনরো কোর্ট ভবনস্থ ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে কারোনায় আক্রান্ত ওই র‌্যাব সদস্যরা আইসোলেশনে ছিলেন।

করোনার শুরু থেকেই নারায়ণগঞ্জে লকডাউন নিশ্চিত করা, কর্মহীন মানুষকে খাদ্য বিতরণ, নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সংস্পর্শে এসে র‌্যাব-১১ এর ১১৭ জন সদস্য আক্রান্ত হয়েছিলেন।

তাদের মধ্যে গত সোমবার পর্যন্ত ১০৮ জন সদস্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকি ৯ জন সদস্য আদমজীনগরে র‌্যাব-১১ এর সদর দফতরে আইসোলেশনে রয়েছেন।

তাদের কোন উপাসর্গ নেই। চলতি সপ্তাহেই তাদের টেস্ট হবে এবং পরপর তিনবার টেস্ট রিপোর্ট নেগেটিভ আসলেই তারা সুস্থ বলে ধরা হবে। এরপর তারা কাজে যোগদান করবেন।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার সরকার গণমাধ্যমকে এ সব তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হওয়া  ১০৮ জন র‌্যাব সদস্যকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর সদর দফতরে অনুষ্ঠান করে ফুল দিয়ে বরণ করে নেন লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

র‌্যাব সদস্যরা শুরু থেকেই মানসিকভাবে দৃঢ় ছিলেন এবং তাদের মনোবল অটুট ছিল। তারা সুস্থ হয়ে আগের চেয়ে আরও দ্বিগুণ গতিতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন অধিনায়ক।

মূলত র‌্যাব-১১ এর আক্রান্ত সদস্যরা নিজস্ব আইসোলেশন ব্যবস্থায় থেকেই সুস্থ হয়েছেন। শুধু বয়স্ক ও অধিক উপসর্গ থাকায় ৯ জনকে ঢাকায় সিএমএইচে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তারা সুস্থ হয়ে ফিরেছেন।

বাকিদের ব্যাটালিয়ন সদর দফতরেই আইসোলেশনে চিকিৎসা দেয়া হয়েছে। র‌্যাবের নিজস্ব আইসোলেশন ব্যবস্থাপনার বিস্তারিত তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, অন্য বাহিনী ও বিভিন্ন দফতরে নিজস্ব ব্যবস্থায় কর্মীদের সেবা দিয়ে সুস্থ করতে পারার বার্তা দিতেই আমরা নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের সদস্যদের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি।

পূর্ববর্তি সংবাদবিশ্বজুড়ে ৭৫ লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা
পরবর্তি সংবাদবরিশালে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার