ইসলাম টাইমস ডেস্ক: দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি ভারতের ওড়িশা উপকূলে লঘুচাপ আকারে অবস্থান করছে।
শনিবার (১৩ জুন) লঘুচাপটি ভারতের ওড়িশার স্থলভাগে প্রবেশ করতে পারে। লঘুচাপের প্রভাবে আজ দেশের প্রায় সব জেলাতেই হালকা থেকে ভারি বর্ষণ হবে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার রাতে লঘুচাপ আকারে পরিণত হয়েছে। এটি অনেকটা দুর্বল হয়ে গেছে। তবে এর প্রভাবে আজ শনিবার সারা দেশে বৃষ্টি হবে। সমুদ্রে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল থাকবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় আজ অস্থায়ী দমকা ঝোড়ে হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এ ছাড়া ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
















