ইসলাম টাইমস ডেস্ক: ভারতে করোনা মহামারীর মধ্যেই বার্ষিক ‘মন্দির উৎসব’ উদযাপনের জন্য হাজার হাজার মানুষ জড়ো হলেন কর্নাটকের হাভরি জেলায় এক মন্দিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানা এবং দূরত্বের কোনো বালাই ছিল না উৎসবে জড়ো হওয়া লোকদের।
জেলা প্রশাসন নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ এর আগেই স্বল্প পরিসরে এই অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল এবং ওয়াগন প্রতিযোগিতা বাতিলও ঘোষণা করেছিল।
মার্চ মাসের শেষের দিক থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যে দেশব্যাপী লকডাউন জারি করে ভারত সরকার। তবে ৯ জুন থেকে সারা দেশে উপাসনালয়, মল এবং রেস্তোঁরা ফের চালু করার অনুমতি দেয়।
কর্নাটক সরকার এর আগে জানিয়েছিল যে রাজ্যের মন্দিরগুলো পুজা এবং প্রতিদিনের অনুষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে, তবে ধর্মীয় মেলা এবং অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।
এর আগে, এপ্রিলের শুরুতে, দেশব্যাপী লকডাউনের মাঝামাঝি সময়ে, কর্নাটকের কালবুর্গির একটি মন্দিরে ঐতিহ্যবাহী রথ উৎসবে শতাধিক মানুষের ভিড় জমে। সূত্র- এনডিটিভি।
















