ইসলাম টাইমস ডেস্ক: দেশের বিভিন্ন অনলাইন সাইডে পরিবেশিত সিনেমা এবং ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল দৃশ্য ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে বা সম্প্রচার বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ আজ রোববার ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় দেশীয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য দিন দিন বেড়েই চলেছে। সেসব দৃশ্য জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে ভিডিও প্রোভাইডারদের অন্যতম প্ল্যাটফর্ম বিং এবং ইউটিউবে ওয়েব সিরিজ ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’-এ আপত্তিকর দৃশ্য দেখা গেছে। এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট বা অ্যালকোহলবিষয়ক দৃশ্য থাকার পরও সে ক্ষেত্রে কোনো প্রকার সতর্কতামূলক বাণী প্রচার করা হয়নি।
নোটিশে আরো বলা হয়েছে, এসব ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন, যা আমাদের দেশীয় সংস্কৃতি এবং সামাজিক নিয়মশৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। তাই অনলাইন প্ল্যাটফর্ম থেকে সিনেমা-ওয়েব সিরিজের আপত্তিকর ভিডিও বন্ধ এবং তা সরিয়ে ফেলা প্রয়োজন।
















