ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে নরসিংদী মডেল থানাধীন দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় কার্তুজভর্তি একটি রিভলবার, ধারালো চাকু ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-নরসিংদী সদর থানার দাসপাড়া গ্রামের মো. ইলিয়াছ মিয়া ওরফে ডাকু ইলিয়াছ (৪৩) ও ঘোড়াদিয়া গ্রামের মো. ইমরান হোসেন (২৫)।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সৈয়দুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক ও থানা পুলিশের একটি দল শহরতলীর দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করে। এসময় ইলিয়াছের কাছ থেকে পয়েন্ট ৫ রাউন্ড কার্তুজ লোড করা একটি রিভলবার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামি ইমরানের কাছ থেকে একটি ধারালো চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক সংক্রান্ত আলাদা আলাদা দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
















