ইসলাম টাইমস ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের বাজেটে অর্থনৈতিক উন্নয়ন নয় বরং মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। মানুষ না থাকলে বাজেট কার জন্য? বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে হবে।
আজ সোমবার জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অংশ নিয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের এবারের বাজেটে সব ক্ষেত্রে প্রাধিকার পাচ্ছে দেশের মানুষ। দেশের মানুষকে বাঁচাতে হবে। এই করোনাভাইরাস সংক্রমণ থেকে আমাদের চেষ্টা থাকবে মানুষকে যতটা সম্ভব রক্ষা করা। আল্লাহর অশেষ রহমত থেকে আমরা সেই কাজটি করব।’
নতুন অর্থ বছরের বাজেট সবার জন্য’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সব সময় আমাদের বাজেটে অর্থনৈতিক উন্নয়নগুলোর কম্পোনেন্ট প্রাধিকার পায়। কিন্তু এবার আমরা তা করিনি। এবার মানুষকে প্রাধিকার দিয়েছি। এটা কেবল অর্থনৈতিক বাজেট নয়। এটা একদিকে অর্থনৈতিক বাজেট পাশাপাশি মানবিক বাজেট।’
















