ইসলাম টাইমস ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি। তাদের মাঝে শিশু রয়েছে ৪ জন। এ খবর দিয়েছে করাচিভিত্তিক ডন।
মঙ্গলবার ভোরে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট বাহিনীর যুদ্ধবিমান ইয়েমেনের কুহে আল নাহদিন এবং কুহে আতানসহ সানার ছয়টি এলাকায় বোমা বর্ষণ করেছে। এসব হামলায় বহু বেসরকারি ইয়েমেনি হতাহত হয়েছে এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
এছাড়া, গতকাল সোমবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ সাদার শাদা এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে অন্তত ১৩ জন ব্যক্তি নিহত হয়।
গতকাল আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গেইত ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দেয়ার পর সেখানে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত হামলার খবর এলো। আবুল গেইত বলেছিলেন, বিশ্ব সমাজ যদি ইয়েমেন বিষয় এখনই সঠিক পদক্ষেপ না নেয় তাহলে দেশটি শিগগিরই ভেঙে পড়বে।
















