ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারে ভারী বর্ষণে উদ্বোধনের আগেই কালভার্ট ধসে পড়ায় দুর্ভোগে পড়েছেন প্রায় অর্ধলাখ মানুষ। এদিকে কালভার্টটি নির্মাণে ত্রুটির দায় একে অপরের ওপর চাপাচ্ছে পৌরসভা ও স্থানীয় জনপ্রতিনিধি।
ধসে পড়া এ কালভার্টটি উদ্বোধনের দিন-তারিখ ঠিক হয়নি এখনও। গেল বুধবার ঘটে এর সলিল সমাধি।
স্থানীয়রা জানান, দেশের সবচেয়ে বড় শুটকি মহাল নাজিরারটেকের প্রবেশদ্বারে এক মাস আগে নির্মিত হয় কালভার্টটি। কয়েকদিনের ভারী বর্ষণে কালভার্টটি ধসে পড়ায় ভোগান্তিতে পড়েছেন প্রায় অর্ধলাখ যাতায়াতকারী। এতে ব্যাহত হচ্ছে শুটকি মহালে পণ্য আনা-নেয়া কার্যক্রমও।
কালভার্টটি কক্সবাজার পৌরসভা ঠিকাদারের মাধ্যমে নির্মাণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, প্রবল বর্ষণেই এটি ধসে পড়েছে।
কাউন্সিলর আকতার কামাল বলেন, উভয় পাশ থেকে মাটি সরে গেলে বালি থাকায় ডেবে গেছে।
তবে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, কাউন্সিলরের উদ্যোগেই কালভার্টটি নির্মিত হয়।
ধসে পড়া কালভার্টটি নাজিরারটেক ও কুতুবদিয়াপাড়াকে সংযুক্ত করেছিলো। মাত্র ৪০ ফুট দূরে জাইকার অর্থায়নে নির্মিত হচ্ছে আরও একটি ছোট ব্রিজ। তবে সেটি এখনো অক্ষত আছে।
















