চীন, নেপাল, পাকিস্তানের সাথে ভারতের বিরোধ, বাংলাদেশে মৈত্রী চেয়ে সমাবেশ

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র ভারত এই মুহুর্তে তার অপর সীমান্তবর্তী চীন, নেপাল এবং পাকিস্তানের সাথে বিরোধে জড়িয়ে আছে। বাংলাদেশ সীমান্তে গত এক সপ্তাহেই প্রতিবেশি দেশের নিরাপত্তা বাহিনীর হাতে খুন হয়েছেন অন্তত ৩ জন। চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককেও সহজে হজম করতে পারেনি প্রতিবেশি রাষ্ট্রটির একটি পরিচিত জাতীয় দৈনিক। এ অবস্থায় বাংলাদেশ-ভারত মৈত্রী অটুট থাকুক স্লোগানে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়েছে।

সমাবেশটি হয়েছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির ব্যানারে।

গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটায় প্রায় এক শ মানুষের উপস্থিতিতে বক্তারা, ভারতের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহন করে আসছে দুই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ও ভারত একসাথে রক্ত দিয়েছে। তখন চীন বাংলাদেশ নিয়ে কোনও আগ্রহ দেখায়নি, তারা পাকিস্তানকে সমর্থন দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে। পাকিস্তান আজও সন্ত্রাস জঙ্গিবাদের মদদ দিয়ে আসছে, যাতে চীনের সমর্থন রয়েছে।

সমাবেশে চীনে উইঘুর মুসলমানদের ওপর নিপীড়নের কথাও বক্তারা উল্লেখ করেন।

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক প্রোফেসর ড. এন সি ভৌমিকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহ-আহ্বায়ক মো. সালাউদ্দিন, গণতন্ত্রী পার্টির সভাপতি এম এ জলিল, সাংবাদিক বাসুদেব ধর, মতিলাল রায় ও ইশাক আলী পান্নাসহ আরও অনেকে।

পূর্ববর্তি সংবাদপাবনায় ট্রাক চাপায় বৃদ্ধা নিহত
পরবর্তি সংবাদচাঁদপুরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা নিয়ে অটোচালক উধাও