ইসলাম টাইমস ডেস্ক: করোনার মতো ভাইরাসের বিষয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সচেতনতা খুবই কম বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত চীনের বিশেষজ্ঞ দল। নমুনা পরীক্ষাও কম। তবে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্ত্বেও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছে চীনা প্রতিনিধি দলটি।
আজ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তারা এসব কথা বলেন। আগামীকাল দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি।
করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার লক্ষে গত ৮ই জুন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকায় আসে।
করোনা আক্রান্ত শনাক্তে নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে জানিয়ে বিশেষজ্ঞ দলটির পক্ষ থেকে বলা হয়, এখনো বাংলাদেশে করোনা টেস্টের পরিমাণ খুবই কম। দেশের সকল বিভাগে ল্যাবরেটরিও নেই।
সেজন্য অনেককে তাদের টেস্টের জন্য ঢাকায় নমুনা পাঠাতে হয়।বেশি বেশি নমুনা পরীক্ষার ওপর জোর দিয়ে তারা বলেন, দ্রুত পরীক্ষা, দ্রুত শনাক্তকরণ, দ্রুত আইসোলেশন এবং দ্রুত চিকিৎসা এখন খুব গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কেস থেকে সর্বস্তরে টেস্ট নিশ্চিত করতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চীন লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন করে সুফল পেয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। তারা বলেন, করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে সঙ্গে পুষ্টিকর খাবারও দিতে হবে। সেভাবে তাদের শরীর গড়ে তুলতে হবে।
















