ইসলাম টাইমস ডেস্ক: করোনার সংক্রমণের কারণে এবার বাইরের দেশের মুসল্লিরা সৌদি আরবে গিয়ে হজ পালন করতে পারবেন না। ফলে হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন, তারা যেকোনো সময় তাদের নিবন্ধনের টাকা তুলে নিতে পারবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
ধর্মসচিব মো. নূরুল ইসলাম আরও বলেন, নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি টাকা না তুলে মনে করেন যে আগামী বছর হজে যাওয়ার জন্য তা রেখে দেবেন, তাহলে সে বিষয়টিকেও স্বাগত জানাবে মন্ত্রণালয়।
মো. নূরুল ইসলাম জানান, আগামীকাল বুধবার এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। সেই সভা থেকেই কীভাবে কী করতে হবে, তা বলে দেওয়া হবে।
ধর্মসচিব বলেন, নিবন্ধনের টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। যেভাবে তারা (হজের জন্য নিবন্ধিত ব্যক্তি) টাকা জমা দিয়েছিলেন, সেভাবেই টাকা ফেরত নেবেন। তবে টাকা তোলার ক্ষেত্রে যেন সবাই একসঙ্গে ভিড় না করেন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে যেন টাকা তোলা হয়, সে বিষয়টি দেখা হবে। তিনি বলেন, ‘আশা করি, আমরা এ বিষয়ে সবার সহযোগিতা পাব।’
















