বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক গণদুশমন: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির আইন পাস হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদে অনুমোদনের জন্য উত্থাপিত এই বিলটির মাধ্যমে প্রমানিত হলো-বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক গণদুশমন।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’ (সংশোধন) বিল-২০২০ উত্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ। গত বছর ডিসেম্বরে বিলটি মন্ত্রীসভায় অনুমোদিত হয়। বিদ্যুৎ ও জ্বালানির দাম বছরে কয়েকবার বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিলের বিরুদ্ধে শুধুমাত্র তীব্র নিন্দা নয়, ধিক্কার জানাচ্ছি। সংসদে এই আইন পাশ না করার জন্য আহবান জানাচ্ছি, অন্যথায় এই করোনাকালের মধ্যেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, করোনা ভাইরাসের আঘাতে দেশে যখন এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, মানুষকে মৃত্যু চিন্তা গ্রাস করেছে, চারিদিকে শুধু কর্মহীন মানুষের হাহাকার, ক্ষুধার্ত মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, তখন জনগণের অতি প্রয়োজনীয় জিনিসের বারবার দাম বাড়ানো হচ্ছে।

পূর্ববর্তি সংবাদকরোনায় বিদেশের মাটিতে ১২৩৮ বাংলাদেশির মৃত্যু
পরবর্তি সংবাদ১ লাখ ২০ হাজার ছাড়াল শনাক্ত, সুস্থ ৫০ হাজার, নতুন মৃত্যু ৩৭ জনের