ইসলাম টাইমস ডেস্ক: ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গৃহহীন দেশটির প্রায় অর্ধেক মানুষ৷ এখানকার প্রত্যেক শিশুর নিজেদের গল্প রয়েছে৷ রনিম বারাকাত এর বয়স ৯ বছর৷ সে এসেছে সিরিয়ার হামা থেকে৷
জুমানা এবং ফারহান আলিয়াউই এসেছে পূর্ব ইদলিব থেকে৷ জমজ এই ভাইবোনের বয়স আট বছর৷ আলোকচিত্রী খলিল আশাউই সেই শিশুদের ছবি তুলেছেন যারা সিরীয় যুদ্ধের নয় বছরের প্রতিটি বছরকে প্রতিনিধিত্ব করছে৷
মোহাম্মদ আবদাল্লাহ ইদলিবের দক্ষিণাঞ্চল জাবাল আল জাওইয়া থেকে এসেছে৷ বয়স ৭৷ আলোকচিত্রী খলিল আশাউই বলছেন, ‘‘এই শিশুদের কয়েকজন বাড়ি বলতে কী বোঝায় তা জানে না, অন্যরা ভুলে গেছে যে বাড়িতে দেয়াল থাকে, দরজা থাকে৷’’
৬ বছরের রাওয়ান আল আজিজের এখনও মনে আছে ইদলিবের দক্ষিণে তাদের বাড়িটা ছিলো পুরানো ধাঁচের৷ তার কাছে বাড়ি মানে পরিবার পরিজন, বন্ধুবান্ধব যেখানে থাকে৷ সে বাড়ি থেকে তার খেলনা নিয়ে এসেছে৷ কিন্তু শরণার্থী শিবির একেবারেই পছন্দ নয় তার৷ ‘‘তাঁবু কোনো বাড়ি নয়, কারণ এখানে আগুন লেগে যেতে পারে, বাতাসে উড়ে যেতে পারে,’’ বলেছে রাওয়ান৷
















