ইসলাম টাইমস ডেস্ক: গত দেড় বছরে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৫৩৫ জন। মানবাধিকার সংগঠনগুলোর জোট হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) জানিয়েছে এ তথ্য।
গত বছরের (২০১৯) জানুয়ারি মাস থেকে এ বছরের ২৫ জুন পর্যন্ত এ হত্যাকাণ্ড ঘটে।
শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস। নির্যাতনের শিকার ভুক্তভোগীদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনের নানা তথ্য তুলে ধরে এ জোট।
বিবৃতিতে বলা হয়, সংঘটিত বিচার বর্হিভূত হত্যার মধ্যে কথিত বন্দুক যুদ্ধে মৃত্যু হয়েছে ৪৮১ জনের, শারীরিক নির্যাতনে মৃত্যু হয়েছে ২৩ জনের এবং অন্যান্য (গুলি, অসুস্থ ও গুলিবিদ্ধ লাশ উদ্ধার) ৩১ জনের। এর মধ্যে গত সাড়ে পাঁচ মাসেই ১১ জন নির্যাতনের ফলে নিহত হয়েছেন। সাম্প্রতিক কয়েকটি ঘটনা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।
















