ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দায় দু’দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় উপজেলার আটটি ইউনিয়নের অর্ধশত গ্রামের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। তাছাড়া আমন বীজতলা, কাঁচা রাস্তাঘাট, পুকুর, গাছপালাসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে- কলমাকান্দা, বাসাউড়া, মন্তলা, চানপুর, আনন্দপুর, রঘুরামপুর, বিশরপাশা, নাগডড়া, পাঁচগাঁও ধারাপাড়া, নয়াচৈতা, রামনাথপুর, নক্লাই, নতুনবাজার, তেলীগাও, বাঘারপাড়, বিষ্ণুপুর, শিবনগর, বাউশাম, সুন্দরীঘাট, ভাষানকুড়া, রহিমপুর, কান্তপুর, নলছাপ্রা, পাচকাঠা, ভাবানীপুর, শিবনগর, বালুছড়া, ইয়ারপুর, গোড়াগাও, গোয়াতলা, কৈলাটী, শুনই, গোবিন্দপুর, বড়ইউন্দ, কেশবপুর, সালেঙ্গা, কুতিগাও, ভাটিপাড়া গ্রামের খাল-বিল, ছড়া ও জলাশয় পানিতে ভরে গেছে।
এতে করে মাঠ, ঘাট ও রাস্তা পানিতে ডুবে তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
বন্যায় এলাকার প্রায় পাঁচ শতাধিক পুকুর পানিতে তলিয়ে গেছে। ফলে পুকুরের মাছ বেরিয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মূখীন স্থানীয় কৃষক ও মৎস্যচাষীরা।
আরো পড়ুন: টানা বৃষ্টি-উজানের ঢলে প্লাবিত উত্তরাঞ্চল, পানিবন্দি কয়েক লাখ মানুষ
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহম্মেদ জানান, রোববার সকাল পর্যন্ত ৫৫ মি.লি. বৃষ্টিপাত হয়েছে। বন্যার পানিতে ১৪ একর আমন বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের জানান, বনার্তদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হচ্ছে।
তাছাড়া এ দুর্যোগ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের সব ধরণের প্রস্তুতি রয়েছে বলেও তারা জানান।
















