ইসলাম টাইমস ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে স্যানিটাইজার নিয়ে এবার ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে হ্যান্ড স্যানিটাইজার পান করে মৃত্যু হয়েছে তিনজনের ও দৃষ্টিশক্তি হারিয়েছেন অপর একজন।
নিউমেক্সিকো স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন, খবর সিএনএন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হ্যান্ড স্যানিটাইজার পান করার পর আরো তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। মনে করা হচ্ছে, যে সাতজন এই হ্যান্ড স্যানিটাইজার পান করেছেন, তাতে মিথেনল ছিল।
মেক্সিকোর স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যদি কখনো মনে হয় কোনো ব্যক্তি ভুল করে হ্যান্ড স্যানিটাইজার পান করে নেন, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। অনেকে আবার মনে করছেন, কিছু মানুষ হয়তো অ্যালকোহল না পেয়ে স্যানিটাইজার পান করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ব্যাপারটা এমন নয় যে, স্যানিটাইজার পান করলে বাঁচা অসম্ভব। কিন্তু যত তাড়াতাড়ি লোকেরা হাসপাতালে আসবে, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি।
মিথানলের অতিরিক্ত মাত্রার সংস্পর্শে বমি বমি ভাব, মাথাব্যথা, স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার আগে অনেক কারাগারে স্যানিটাইজারের ব্যবহার নিষিদ্ধ ছিল। এক্ষত্রে ভয় ছিল বন্দিরা এটা খেয়ে ফেলতে পারে বা আগুন লাগাতে ব্যবহার করতে পারে।
















