ইসলাম টাইমস ডেস্ক: করোনা চিকিৎসায় ধনী-গরিব বিভাজন না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়। এ সংকটে এমন চর্চাকে সরকার নিরুৎসাহী করে।
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী দলীয় পরিচয়ধারী কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেয়া হবে না।
সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্য খাতেই নয়, যে কোনো খাতের অনিয়ম-অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। সুতরাং কেউ দুর্নীতি কিংবা অপরাধ করে পার পাবে না, সে যত ক্ষমতাবানই হোক না কেন।
















