তিব্বত অংশে সেনাদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছে চীন

ইসলাম টাইমস ডেস্ক: চীনের তিব্বত অংশে থাকা সেনাদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয়া হবে। আর এ জন্য ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বত পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

যদিও চীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনার পর সেনাদের মার্শাল আর্ট শেখানোর সিদ্ধান্ত নিলো চীন।

গত ১৫ জুনের ওই সংঘর্ষের ঘটনায় ভারতের ২০ সেনা সদস্য নিহত হন। সেই সঙ্গে আহত হন ভারতীয় সেনাবাহিনীর ৭৬ জন সেনা। তবে চীন সরকারের পক্ষ থেকে ক্ষয়-ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।

১৯৯৬ সালের একটি চুক্তি অনুযায়ী, ভারত এবং চীনের সেনারা সীমান্ত এলাকায় বন্দুক এবং বিস্ফোরকের ব্যবহার করতে পারবেন না।

হংকং’র একটি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০ জুন চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সেনাদের মার্শাল আর্ট শেখানোর বিষয়টি বলা হয়।

এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, এনবো ফাইট ক্লাবের ২০ জন মার্শাল আর্ট যোদ্ধাকে তিব্বতের রাজধানী লাসায় নিয়ে যাওয়া হবে। তবে এ সব মার্শাল আর্ট যোদ্ধা সেনাদের প্রশিক্ষণ দেবে কি না সে বিষয়ে চীনের গণমাধ্যমটিতে কিছু বলা হয়নি।

 

পূর্ববর্তি সংবাদকরোনার উপসর্গ নিয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ডাক্তারের মৃত্যু
পরবর্তি সংবাদমার্কিন সেনা হত্যায় রাশিয়ার বিরুদ্ধে তালেবানের সঙ্গে হাত মেলানোর অভিযোগ, মস্কোর প্রত্যাখ্যান