চাঁদপুরে পণ্য বোঝাই ট্রলার ডুবে লাখ টাকার ক্ষতি

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরে তীব্র স্রোতের তোড়ে পণ্য বোঝাই ট্রলার ডুবে ২২ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ট্রলারটি ডুবে গেলেও এর মাঝিসহ ১২ আরোহী সাঁতারে তীরে উঠে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন।জানা গেছে, ট্রলারটি শহরের পুরানবাজার থেকে শরীয়তপুর যাচ্ছিল।

রবিবার চাঁদপুর শহরের বড়স্টেশন তিন নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, চাঁদপুর শহরের পুরানবাজার থেকে পণ্য সামগ্রী নিয়ে ট্রলারটি শরীয়তপুরের সখিপুর উপজেলার চরপাতরা এলাকায় যাচ্ছিল। এসময় ট্রলারের মাঝিসহ ১২ জন আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র স্রোতে পড়ে ট্রলারটি যখন চোখের পলকে ডুবে যাচ্ছিল, তখন এর আরোহীরা প্রাণ বাঁচাতে সাঁতারে তীরে উঠে যান। পরে সংবাদ পেয়ে ফায়ারসার্ভিস ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে তারা ডুবে যাওয়া ট্রলারের কোনো সন্ধান দিতে পারেনি।

ট্রলারের আরোহী অলি উল্লাহ জানান, ট্রলারটি পুরানবাজারের ভূঁইয়ার ঘাট থেকে ছাড়ার কয়েক মিনিট পর পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় তীব্র স্রোতের মুখে পড়ে। এতে মূহুর্তের মধ্যে তা গভীর পানিতে তলিয়ে যায়।

অলি উল্লাহ আরো জানান, ট্রলারে তার ২২ লাখ টাকার মালামাল ছিল। যেগুলো চরপাতরা এলাকার বিভিন্ন দোকানে বিক্রয়ের জন্য সরবরাহ করার কথা ছিল। তা এখন ডুবে যাওয়ায় তার সর্বশেষ এমন কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

দেশের উত্তরাঞ্চল ও সিলেটের বানের পানি তীব্র স্রোত নিয়ে চাঁদপুরের পদ্মা ও মেঘনা দিতে দক্ষিণের ভাটিতে নামছে। ফলে শহরের ডাকাতিয়া মুখে এই তিন নদী মিলিত হয়ে সেখানে তীব্র ঘূর্ণিস্রোত সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন নৌযান ডুবিসহ নানা দুর্ঘটনা ঘটছে।

পূর্ববর্তি সংবাদআসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের কথা স্বীকার করলেন ট্রাম্প!
পরবর্তি সংবাদস্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ