লাদাখ নিয়ে ভারতের পক্ষে মানববন্ধন করল সনাক

 ইসলাম টাইমস ডেস্ক: সীমান্ত হত্যাসহ নানান বৈষম্যমূলক আচরণ সত্ত্বেও চীন-ভারত প্রশ্নে ভারতের সমর্থনে দেশের বিভিন্ন জেলায় জেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি (বিএসএনসি)। শনিবার (২৭ জুন) তারা এই মানববন্ধনের আয়োজন করে । বিএসএনসির পক্ষ থেকে জানানো হয়,১৯৭১ সালের  মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট রাখতেই এই মানববন্ধনের আয়োজন। তারা লাদাখ সীমান্তে চীনা বাহিনীর হামলায় ২০ ভারতীয় সেনা হত্যার প্রতিবাদ জানান।

দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সরকার। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা সৈকত পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রায়, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সদস্য সচিব রতন সিং, সদস্য আল-মামুন বিপ্লব, সাবেক রেজিস্ট্রার রনজিৎ সিংহ প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে যশোর, নেত্রকোনা, জয়পুরহাট, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়।

পূর্ববর্তি সংবাদনিউ ইয়র্ক টাইমসের খবরের প্রতিক্রিয়ায় কী বলল তালেবান
পরবর্তি সংবাদনিজ এলাকায় চাঁদাবাজির অভিযোগ এমপি দুর্জয়ের বিরুদ্ধে