ইসলাম টাইমস ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ওমর আলী (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তার চাচাতো দুই ভাই।
সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী মোল্লাডাঙ্গা গ্রামের শফি উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে সোমবার বিকালে বাকবিতণ্ডা বাধে তাদের মধ্যে। এক পর্যায়ে চাচাতো ভাই আল আমিন ও আল মামুন লাঠি দিয়ে ওমর আলীকে পিটিয়ে জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
















