পুকুরের পানিতে ডুবে পঞ্চগড়ে দুই শিশুর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে সৌরভ (৩) ও রাহাত (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার বেংহারী ইউনিয়নের সোনাচান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সৌরভ ওই গ্রামের খলিলের ছেলে ও রাহাত একই গ্রামের রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, সৌরভ ও রাহাত বাড়ির পাশে খেলা করছিল। কোনো এক সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে পৃথক স্থানে পুকুরের পানিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে স্থানীয় ও পরিবারের সদস্যরা ওই শিশু দুইটির লাশ উদ্ধার করে।

শিশুদের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেংহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদআগামীকাল বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজারের সব ধরনের লেনদেন
পরবর্তি সংবাদলঞ্চডুবির ঘটনায় মৃতদের মধ্যে ৩০ জনই মুন্সীগঞ্জের