ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে অর্ধশত মুসল্লি হত্যা মামলার আসামি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেন্টন ট্যারেন্টকে নিয়ে আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে তিন দিনের আদালত কার্যক্রম। তাতে রায় দেওয়া হবে সেই সন্ত্রাসী হামলার। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা বেশি।
২৪ আগস্ট নিউজিল্যান্ড হাই কোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডার কাল এই তারিখ ঘোষণা করেন। ভিডিও প্রযুক্তির সুবিধা থাকবে এই বিচার কার্যক্রমে। হামলার শিকার হওয়া কেউ চাইলে ভিডিওতে এই বিচার প্রক্রিয়া দেখতে পাবেন, অংশও নিতে পারবেন। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি জং-এর অনলাইনে ‘২৪আগস্ট ব্রেন্টন ট্যারেন্টকে ফাঁসি দেওয়া হবে’ বলে সংবাদ প্রকাশ করা হয়। ইসলাম টাইমসে জং-এর বরাতে প্রকাশিত সংবাদটি সংশোধন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় ব্রেনটন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালান। ব্রেনটন হামলার দৃশ্য সরাসরি নিজের ফেসবুকে সম্প্রচারও করেন। হামলায় ৫১ জন নিহত হন। আহত ৪০ জন।
গত বছরের নৃশংস ওই বন্দুক হামলায় অন্তত তিনজন বাংলাদেশিও নিহত হয়েছিলেন।
ব্রেনটনের চালানো নৃশংস হামলায় নিউজিল্যান্ডসহ পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। হামলার জেরে নিউজিল্যান্ড সব ধরনের সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করাসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়।
















