করোনায় আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কোরেশী

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি । বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। শুক্রবার এক টুইট বার্তায় আক্রান্তের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, শুক্রবার দুপুরে হালকা জ্বর আসায় কোভিড টেস্ট করতে দিয়েছিলাম। সন্ধ্যায় জানতে পারি রিপোর্ট পজিটিভ।

কুরেশি তার টুইটে বলেছেন, ‘বিকেলে হালকা জ্বর অনুভব করছিলাম এবং আমি দ্রুত বাড়িতে কোয়ারেন্টাইনে চলে যাই। পরীক্ষায় কোভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে। আল্লাহর রহমতে আমার কোনো দুর্বলতা নেই। আমি চাঙ্গা বোধ করছি।’

এদিন দুপুর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন।

কুরেশি জানান, আপাতত হাসপাতালে ভর্তি হচ্ছেন না। বাড়িতে কোয়ারেন্টিনে থেকেই চিকিত্‍সা করাবেন। ঘরে বসেই তার যাবতীয় অফিশিয়াল দায়িত্ব সামলাবেন।

এর আগে জুনের প্রথম সপ্তাহে পাকিস্তান মুসলিম লিগের (এন) নেতা শেহবাজ শরিফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। একটি দুর্নীতির মামলার শুনানিতে তিনি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এরপর করোনায় আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

গিলানির ছেলে ট্যুইট করে জানান, তার বাবা করোনা আক্রান্ত। কাসিম গিলানি লেখেন, ‘ধন্যবাদ ইমরান খান সরকার এবং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। আপনারা সফল ভাবে আমার বাবাকে বিপদে ফেলেছেন। তার করোনার রিপোর্টও পজিটিভ এসেছে।’ পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদিও করোনায় আক্রান্ত হয়ে ছিলেন। শুক্রবার তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে, শুক্রবার পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২ লক্ষ ২১ হাজার ৮৯৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,০৮৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১৩ হাজারের বেশি।

পূর্ববর্তি সংবাদচলতি মাসে দেশে বন্যা পরিস্থিতির আশঙ্কা, হতে পারে নিম্নচাপ
পরবর্তি সংবাদআজ থেকে ২১ দিনের লকডাউনে ঢাকার ওয়ারী