ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই দেশের হিফজ মাদ্রাসাগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতিও পাওয়া গেছে।
আগামী দুই-তিন দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে লিখিত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈদুল ফিতরের পর থেকেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কওমি মাদ্রাসা খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলেন আলেমরা। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এতদিন সে অনুমতি পাওয়া যায়নি। ছাত্র-ছাত্রী ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কওমি মাদ্রাসার অফিস খোলার অনুমতি দেয়া হয়েছিল।
গত ২ জুলাই বৃহস্পতিবার জাতীয় দীনী মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহয়া মাহমদ, মাও মজিবুর রহমান ও ড. মুশতাক আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর কওমি মাদরাসার হিফজখানাসমূহ খুলে দেওয়ার আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রী টেলিফোনে হেফজখানা খুলে দেওয়ার বিষয়ে সরকারের সম্মতির কথা জানান। তবে মাদরাসাগুলোকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ সময় ড. মুশতাক আহমদ হেফজখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানান।
ড. মুশতাক আহমদ বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এখন শুধুমাত্র হিফজ বিভাগগুলো খুলে দেয়ার মৌখিক অনুমতি দিয়েছেন। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে নিশ্চিত করেছেন।
















