ইসলাম টাইমস ডেস্ক: সরকারের মদদে রিজেন্টের মালিক এসব অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের মালিকের ওঠাবসার খবর গণমাধ্যমে এসেছে।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোগীদের বাড়ি গিয়ে নমুনা নিয়ে সেগুলো টেস্ট না করিয়েই মনগড়া রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল। গত ৬ জুলাই বিকালে রিজেন্টের উত্তরা শাখায় র্যা বের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। এর পর রিজেন্টের প্রধান কার্যালয়, উত্তরা ও ধানমণ্ডি শাখা বন্ধ করা হয়।
বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে আরও বলেন, দেশে এক দশকের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন চলছে। এটির নাম দেয়া হয়েছে হাইব্রিড রিজিম (মিশ্র শাসন)। এতে ইসি ও নির্বাচনের দরকার আছে। ইসি বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সেনাবাহিনীকে অকার্যকর করেছে। এই কমিশনের কাছে নিরপেক্ষ আচরণ পাওয়া যাবে না।
















