ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হাসপাতালে নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষাসামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ স্বাস্থ্যখাতে নানা অনিয়মের বিরুদ্ধে সরকার শুদ্ধি অভিযান শুরু করেছে।
বৃহস্পতিবার দলীয় এক প্রোগ্রামে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপরাধীর কোনও দলীয় পরিচয় নেই। যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় আসতে হবে। যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল।
করোনা সংকটের পাশাপাশি বন্যা দুর্গত অসহায় মানুষের সুরক্ষা সরকারের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতি বছর নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে সংকটের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বের জন্য। দুর্যোগকালে মানবিকতার আধার ও আস্থার ঠিকানা শেখ হাসিনা সব সময় অসহায় মানুষের পাশে আছেন।
















