ইসলাম টাইমস ডেস্ক: কাদিয়ানীরা অমুসলিম হিসাবে মুসলমানদের গোরস্তানে দাফন না হওয়াটাই যুক্তিযুক্ত। কিন্তু স্থানীয় মুসলমানদের আপত্তি সত্ত্বেও গোপনে বিবাড়িয়া সদর উপজেলার ঘাটুরায় এক কাদিয়ানি মহিলার নবজাতকের লাশ মুসলমানদের গোরস্তানে দাফন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ফেনী সদর উপজেলার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম গত ৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। কয়েক মাস ধরে তিনি বাবার বাড়ি ঘাটুরায় অবস্থান করছিলেন। নির্ধারিত সময়ের আগে ভূমিষ্ঠ শিশুটি বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যায়। সকাল ৭টার দিকে শিশুটির লাশ ঘাটুরার কবরস্থানে দাফন করা হয়। এ খবরে স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে লাশটিকে কবর থেকে তোলা অবস্থায় কবরস্থানের সীমানা প্রাচীরের বাইরে পাওয়া যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে খবর জানা যায়নি। পরবর্তীতে পুলিশি পাহারায় বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় কাদিয়ানি সম্প্রদায়ের নিজস্ব কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর জানান, আহমদিয়া সম্প্রদায়ের লোকজনকে এ গ্রামের কবরস্থানে দাফনে স্থানীয়দের আপত্তি আছে। খবর পেয়ে গিয়ে দেখি লাশ কবরস্থানের বাইরে। পরে কান্দিপাড়া এলাকায় তাদের সম্প্রদায়ের কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি স্বাভাবিক ছিল। দুই পক্ষ নিজেরাই বিষয়টি সমাধান করে ফেলে।
















