আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণার প্রতি সমর্থন জানাল রাশিয়া

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্ক সরকারের পক্ষ থেকে আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করার পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করেছে রাশিয়া।রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভেরশিনিন বলেছেন, এটি সম্পূর্ণ তুরস্কের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়।

তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন পশ্চিমা দেশগুলোর পাশাপাশি রাশিয়ার অর্থোডক্স চার্চের পক্ষ থেকেও তুর্কি সরকারের এ পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে সে বিষয়ে সম্যক অবহিত হয়েই বলতে চাই, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।

এর আগে রাশিয়ার ভলোকলামস্ক শহরের অর্থোডক্স চার্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করা খ্রিস্টানদের মুখে চপেটাঘাতের শামিল।

তুরস্কের সুপ্রিম কোর্টের এক রায়ের সূত্র ধরে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত শুক্রবার তার দেশের আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, শিগগিরই এই ঐতিহাসিক স্থাপনা মুসলমানদের নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হবে। তুর্কি জনগণ এরদোগানের এ পদক্ষেপকে স্বাগত জানালেও পশ্চিমা দেশগুলো এর তীব্র বিরোধিতা করে।

পূর্ববর্তি সংবাদআর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত সংঘর্ষে ৪ সেনা নিহত
পরবর্তি সংবাদউপনির্বাচন: বগুড়ায় টাকা বিতরণে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর বাবাসহ আটক ৫