নৌকায় করে ভারত পলানোর সময় যেভাবে ধরা পড়লেন সাহেদ

ইসলাম টাইমস ডেস্ক: বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ গ্রেফতার হয়েছেন।

 

এ তথ্য নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাঁখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত থেকে আনুমানিক ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সেখান দিয়ে নদী পেরিয়ে সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টায় গত কয়েকদিন ধরে সাতক্ষীরাতে অবস্থান করছিল। আর কিছুক্ষণ দেরি হলে হয়ত তাকে পাওয়া যেত না।

সাতক্ষীরার স্থানীয় প্রশাসন সূত্র জানায় গেছে, সাহেদের বাড়ি সাতক্ষীরা হলেও তার পৈত্রিক ভিটা ওপারে ভারতে। তাকে ইছামতি নদীতে নৌকায় ভারতে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলে র‌্যাব। সাহেদ নদী পেরিয়ে পূর্বপুরুষের ঠিকানা ভারতে পালিয়ে যাচ্ছিল । যে এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয় সেটি ভোমরা স্থলবন্দরের কাছাকাছি। এই এলাকার ওপারে ভারতের বশিরহাট জেলা। এর আগেও এভাবেই একই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন সাহেদ।

লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, ভারতে পালানোর জন্য সাতক্ষীরাতে অবস্থান করছিল। সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ঢাকায় আনা হচ্ছে। সাতক্ষীরা থেকে র‍্যাবের অভিযান দলের সঙ্গে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হবে।

র‍্যাব সূত্র জানায়, সকাল সাড়ে ৮ টা নাগাদ সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা ক্যান্টনমেন্টের তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছোবে। ইতিমধ্যে র‌্যাবের একটি বিশেষ হেলিকপ্টার সাতক্ষীরায় পৌঁছে গেছে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে হেলিকপ্টারটি ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে যায়।

বিমানবন্দর থেকে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদফতরে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে জিজ্ঞাসবাদ শেষে বুধবারই তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হবে।

পূর্ববর্তি সংবাদআয়া সোফিয়া মসজিদে খ্রিস্টানদের নিদর্শন অক্ষত রাখা হবে
পরবর্তি সংবাদসৌদিতে বসবাসরত ১৬০ দেশের মাত্র ১০ হাজার মানুষকে এবার হজ করতে দেয়া হবে