ইসলাম টাইমস ডেস্ক: দেশের অর্থনীতি নিয়ে কিছু অর্থনীতিবিদ মনগড়া কথা বলছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মৌমাছি যেভাবে ভ্যান ভ্যান করে, সেভাবে কিছু অর্থনীতিবিদ অপেক্ষা করে, কখন টেলিভিশনের সামনে যাব। কখন সরকারবিরোধী কথা বলব। এগুলো মনগড়া, কাগজে লিখা থাকে, তৈরি করা। সারারাত জেগে এসব তৈরি করে, সারাদিন বলে বেড়ায়।
আজ শুক্রবার দুপুরে দিনাজপুর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অর্থনীতি ভালো বলেই সরকার করোনা সময়ে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে। ভূমিহীন কৃষকের জন্য ঋণের ব্যবস্থা করেছে। ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে বই বিতরণ করছে। উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মসজিদ-মন্দিরে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়ন টেকনাফ থেকে তেতুলিয়া চলমান আছে।
কভিডের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে- কিছু অর্থনীতিবিদদের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে নৌ প্রতিমন্ত্রী বলেন, ধ্বংস বাংলাদেশ হয় নাই। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয় নাই। ধ্বংস হয়েছে দেশবিরোধী চক্র। তারা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। এ অপশক্তি বাংলাদেশে থাকবে না।
















