সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে আটক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৯ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাদিয়া ফারজানা।

ডিবি পুলিশ জানায়, মো. সাহেদের মামলা ডিবিতে হস্তান্তর হওয়ার পর থেকেই অধিকতর তদন্ত চলছে। তারই ধারাবাহিকতায় গেলো রাতে উত্তরায় অভিযান চালানো হয়। এসময় তার ব্যক্তিগত গাড়িটি জব্দ করে পুলিশ। তাতে এক রাউন্ড গুলিসহ অস্ত্র পাওয়া যায়। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা করেছে ডিবি পুলিশ। তারমধ্যে একটি অস্ত্র আইনে অন্যটি বিশেষ ক্ষমতা আইনে।

থানা সূত্রে জানা গেছে, রাতে ডিবি সদস্যরা সাহেদকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৬২ নম্বর বাসার সামনে অভিযান চালায়। সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেটকার ছিল। সেই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডিবির সদস্যরা ৫ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেনসিডিল ও একটি পিস্তল উদ্ধার করে। এরপরই অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়।

 

পূর্ববর্তি সংবাদবিএসএফের বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার শামিল: বিজিবি
পরবর্তি সংবাদ‘সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে’