ইসলাম টাইমস ডেস্ক: ঝালকাঠিতে আঞ্চলিক-মহাসড়কের ঝুঁকে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের ছাদ উড়ে গেছে। এ দুর্ঘটনায় ১৬ যাত্রী আহত হয়েছেন।
ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বলাইবাড়ি নামক স্থানে মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীকে উদ্ধৃত করে পুলিশ জানায়, গভীর রাতে বিকট শব্দে স্থানীয়দের ঘুম ভেঙে যায়। এ সময় ঘর থেকে বেরিয়ে মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাসটি দেখতে পান তারা। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। মহাসড়কের পাশেই দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ঝুঁকে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ওপরের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। বরগুনা জেলার পাথরঘাটায় যাচ্ছিল বাসটি।
এদিকে, আহতদের মধ্যে চারজনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য যাত্রীদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সড়কের ঝুঁকে পড়া এ গাছগুলো না কেটে দীর্ঘ দিন ধরে ফেলে রাখায় এ দুর্ঘটনার জন্য সড়ক বিভাগকে দায়ী করেন স্থানীয়রা।
















