ইসলাম টাইমস ডেস্ক: সরকারি মেডিকেল, ডেন্টাল ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁসের মামলায় তিনজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা ভার্চুয়াল আদালতে এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নু (৪৫), পারভেজ খান (৩২) ও জাকির হাসান দিপু (৪০)। এ আসামিরা গত ২০ জুলাই গ্রেপ্তার হয়ে কারাগারে যান। কারাগার থেকে আসামিদের ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখানো হয়।
আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকর সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ জুলাই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে সিআইডি। আসামিরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ডিজিটাল পদ্ধতিতে প্রেস থেকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে পরীক্ষার আগে শিক্ষার্থীদের সরবরাহ করতো।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনায় মিরপুর মডেল থানায় ২০ জুলাই এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছে সিআইডি। তাদের মধ্যে জসিমের কাছ থেকে ২ কোটি ২৭ লাখ টাকার সঞ্চয়পত্র, ২ কোটি ৩০ লাখ টাকার চেক এবং পারভেজের কাছ থেকে ৮৪ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।
















